শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চারঘাট প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুইজ পর্বের মাধ্যমে নির্বাচিত ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালুহাটি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় নন্দনগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্ব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার, একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ড. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, চারঘাট প্রেসক্লাবে সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ডাকরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাহিদা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।