পবায় অশ্রুসিক্ত নয়নে বিএনপি নেতা নাজমুল সরকারকে শেষ বিদায়
অশ্রুসিক্ত নয়নে বিএনপি নেতা আলহাজ্ব নাজমুল সরকারকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা পবা উপজেলার নওহাটা কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সকাল থেকেই স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় বাড়তে থাকে। জানাজার আগে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে এসে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।
জানাজা শেষে মহানন্দাখালী গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। আলহাজ্ব নাজমুল সরকার নওহাটা পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নওহাটা পৌরসভার মহানন্দাখালী গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নাজমুল সরকারের মৃত্যুতে পবা উপজেলা ও নওহাটা পৌর বিএনপি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজায় উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে একজন সজ্জন, সহজ-সরল ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে স্মরণ করেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও জানান তাঁরা। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এই প্রবীণ বিএনপি নেতার স্মৃতি চারণ করে এমপি মিলন বলেন, ‘আলহাজ্ব নাজমুল সরকার ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী।
দলের কঠিন সময়েও তিনি নিষ্ঠা ও সাহসের সঙ্গে পাশে ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। তাঁর মতো সজ্জন ও নিবেদিত মানুষ সমাজে খুব বেশি দেখা যায় না। তাঁর শূন্যতা পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের জন্য সহজে পূরণ হওয়ার নয়। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, নওহাটা পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরীফসহ সহস্রাধিক আত্মীয়-স্বজন ও নেতাকর্মী। জেলা বিএনপির সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, ‘নাজমুল সরকার ছিলেন একজন সজ্জন ও মানবিক মানুষ। তাঁর সঙ্গে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’