শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা দোকানির

ঈশ্বরদী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা দোকানির

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে রোড) সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল মল্লিক উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ইকবাল মল্লিক শহরের ভেলুপাড়া মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রিকশার জন্য সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি অটোইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।