প্রধান শিক্ষিকার রিলস ভাইরাল, হবে তদন্ত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের বিদ্যালয় প্রাঙ্গণে ধারণকৃত একটি রিল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া বিউটি রানী পালের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে ‘আজ কেন মন উদাসী হয়ে/ দূর অজানায় চায় হারাতে...’ গানের সঙ্গে অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এক পক্ষ এটিকে সরকারি কর্মচারী আচরণবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকার লঙ্ঘন দাবি করে সমালোচনা ও ট্রল শুরু করে। অন্য পক্ষ আবার শিক্ষিকার প্রতি করা সাইবার বুলিং ও ট্রলের তীব্র নিন্দা জানিয়ে তার পক্ষে অবস্থান নেয়। বিতর্কের মুখে পরবর্তীতে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন ওই শিক্ষিকা।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিউটি রানী পাল বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত, এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়।
তবে তিনি জানান, প্রশাসনিক অনুমতি ছাড়া ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলবেন না।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিওটি সরকারি কর্মচারীদের আচরণবিধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে কি না- তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।