শনিবার, আগস্ট ২২, ২০২৬

’শ্রাবণের মেঘগুলো’: প্রতিবাদ জানাতে এবার শ্রেণিকক্ষে বর্ষার গান ও কবিতা

সোনার দেশ ডেস্ক ২৮ জুলাই ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ জুলাই ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
’শ্রাবণের মেঘগুলো’: প্রতিবাদ জানাতে এবার শ্রেণিকক্ষে বর্ষার গান ও কবিতা

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে শিক্ষক সমাজের পরোক্ষ আন্দোলন ফেইসবুক রিলসের গণ্ডি পেরিয়ে এখন শ্রেণিকক্ষে পৌঁছাতে শুরু করেছে।


ভার্চুয়াল দুনিয়ার সমালোচনার জবাব দিতে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বুধবারের পাঠদান সূচিতে যুক্ত করা হয়েছে ‘বর্ষার গান ও কবিতা’ নিয়ে বিশেষ ক্লাস।


স্কুলের শিক্ষক নাহিদা শাফিনাজ বলছেন, শিক্ষার্থীদের মননশীলতা ও শিল্পের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শালীন প্রতিবাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরতেই ভিন্নধর্মী এ ক্লাসের উদ্যোগ।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের বর্ষার গান শিখে আসতে বলেছি, সেইসঙ্গে বর্ষা নিয়ে নিজেদের লেখা কিংবা কবিদের জনপ্রিয় সব কবিতার আবৃত্তি শিখে আসতে বলেছি।”


ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালের একটি ভিডিও ঘিরে। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে তার হাঁটার একটি রিল ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করার পর অনলাইনে তিনি ট্রলের শিকার হন।


এর প্রতিবাদে ওই গানটিকে অস্ত্র বানিয়ে সারা দেশের শিক্ষকরা সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন।


এবার সেনা পাবলিক স্কুলে গান, কবিতা আর সাহিত্য চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হল।


তথ্যসূত্র: বিডিনিউজ