শনিবার, আগস্ট ২২, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

সোনার দেশ ডেস্ক ৩০ জুলাই ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ জুলাই ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ জুবায়ের (৩৪) নামে কথিত সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত জুবায়ের ওই ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন জানিয়েছে, জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​এপিবিএনের তথ্য মতে, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ক্যাম্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

​এই ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট