খুলনায় গুলির পর যুবককে কুপিয়ে হত্যা
খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় গুলি করার পর কুপিয়ে মো. ইসমাইল (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাত সোয়া ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নগর বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার ত.ম. রোকনুজ্জামান এ তথ্য জানান।
নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনে কর্মরত থাকলেও বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত হন।
স্থানীয়রা জানান, রাতে বড় খালপাড় এলাকায় অবস্থানকালে কালভার্টের কাছে দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ১০-১৫ হাত দূরে দৌঁড়ে গিয়ে ড্রেনের ওপর লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা পরে তার মাথার পেছনের নিচের অংশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় স্থানীয়রা ইসমাইলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত ইসমাইল একাধিক মামলার আসামি। তিনি মাদক কারবারি এবং অস্ত্রধারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন।
তথ্যসূত্র: রাইজিংবিডি