দুর্গাপুর উপজেলা বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর তিনি দুর্গাপুর উপজেলায় পৌঁছান। এরপর পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক দুর্গাপুর থানা পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
পরে প্রধানমন্ত্রীর উপহারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
এরপর তিনি হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য এ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, দুর্গাপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম প্রমূখ।