শনিবার, আগস্ট ২২, ২০২৬

গুড়ায় নকল মিছরি তৈরির কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়া প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৬ ১২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
গুড়ায় নকল মিছরি তৈরির কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল নকল তালমিছরি।  এ অপরাধে ‘পূজা মিছরি ঘর’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ মিছরি ভারতের বিখ্যাত দুলাল চন্দ্র ভড়ের বলে পরিচিতি পায়।  


এসব অপরাধে কারখানা কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা(অর্থদন্ড) করেন এবং তা আদায় করা হয়। সেই সঙ্গে জব্দকৃত আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় ও র‌্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান সূত্রে জানা গেছে, বগুড়া সদরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকায় ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, কোনো ধরনের নিবন্ধন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শুধু চিনি দিয়ে নকল তালমিছরি এবং বাতাসাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। পূজা মিছরি কারখানায় অবৈধভাবে টেক্সটাইল রং মিশিয়ে শিশুদের তালমিছরি তৈরি করা হচ্ছিল। এখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিছরি তৈরি, নকল মোড়ক ব্যবহার এবং পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ পঁচা ও পোকাযুক্ত মিছরি সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে ভারতের দুলাল চন্দ্র ভড়ের নকল মোড়ক ব্যবহার করে এসব ভেজাল পণ্য বাজারে সরবরাহ করা হচ্ছিল।


বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘অত্যন্ত নোংরা পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে এই মিছরি তৈরি করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে।’


অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি দল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।