বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনওর কক্ষে লাথি
নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় ইউএনওর কক্ষের দরজায় লাথি দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করে আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে।
ঘটনাস্থলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এ কারণে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান তাঁরা।
তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিয়োগ প্রক্রিয়া ও ফলাফল কীভাবে প্রস্তুত করা হয়েছে, সে বিষয়েও উপজেলা প্রশাসনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইউএনওর কার্যালয়ে ঢুকে দরজায় লাথি দেওয়া এবং কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে বিক্ষোভকারীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান-এর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি।