শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনওর কক্ষে লাথি-ভাঙচুর

নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনওর কক্ষে লাথি-ভাঙচুর

নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ ও  ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ  ও ইউএনওর কক্ষের দরজায় লাথি এবং কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি ও  ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরের আগে স্ব-স্ব উপজেলা  কার্য্যলয়ের সামনে এসব ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল উপজেলা পরিষদে যায়। পরে মিছিলকারীরা ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ইউএনওর কক্ষের দরজায় লাথি দেওয়ার অভিযোগ ওঠে।


বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগের ফল প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। তারা ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।


এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনসহ অন্যান্য ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


তবে অভিযোগের বিষয়ে ইউএনও দেবাশীষ বসাকের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


অপরদিকে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী।


প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরের আগে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন।


এদিকে বিক্ষোভের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে কর্মরত সাংবাদিকদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এ সময় একটি বেসরকারি টিভির অনলাইন প্রতিনিধি সজিবুল ইসলাম ও একটি জাতীয় দৈনিক এর স্থানীয় প্রতিনিধি রশিদুল ইসলামকে মারধর করার  ঘটনা ঘটে । 


এ ঘটনার বিষয়ে জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।