বাগমারায় বিদ্যুতের লোডশেডিং চরমে
রাজশাহীর বাগমারায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং চরম মাত্রায় হবার কারনে ভ্যাপসা গরমে জনজীবনে দুর্বিসহ অবস্থা দেখা দিয়েছে। দেশের অন্যান্য অনেক এলাকার ন্যায় বাগমারা উপজেলার আওতাধীন এলাকাতেও জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ বরাদ্দের পরিমান কমে গেছে।
এদিকে, এ ধরনের লোডশেডিং পরিস্থিতি অব্যাহত থাকার ফলে মাঠ পর্যায়ে গ্রাহকসহ সর্ব সাধারনের ক্ষোভ ও অসন্তোষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বাগমারা জোনাল অফিস সূত্রে জানা গেছে, দিন ও রাতের অধিকাংশ সময়ে বাগমারা উপজেলায় বিদ্যুতের চাহিদা ৩২/৩৩ মেগা ওয়াট হলেও গ্রীড থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ১৪/১৫ মেগা ওয়াট। ফলে দিন-রাত অধিকাংশ সময়ে ৫০% এর বেশী লোডশেডিং অব্যাহত রয়েছে।
জোনাল অফিস জানায়, উক্ত লোডশেডিং চলমান থাকার পরেও গত ০৮আগষ্ট সকাল ০৮ ঘটিকা থেকে ০৯আগষ্ট সকাল ০৮ ঘটিকা পর্যন্ত সময়ে বাগমারা ৩৩ হাজার ভোল্টেজের লাইনটি জাতীয় লোড প্রেরণ কেন্দ্র (ঘখউঈ) ঢাকা কর্তৃক ঝঈঅউঅ অপারেশনের মাধ্যমে ৭ বার কেটে দেওয়ায় বাগমারার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো নাজুক অবস্থায় পড়েছে। যা অস্বাভাবিক হওয়ায় বাগমারা অফিসের পক্ষে লোড ম্যানেজমেন্ট করে লাইন চালু রাখা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ ব্যাপারে বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, বাগমারার বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করার জন্য অফিস কতৃক বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও দেশের সার্বিক প্রেক্ষাপটে কোন কিছু করা সম্ভব হচ্ছেনা। যা বিদ্যুৎ বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সুধীজনকে সময়ে সময়ে অবহিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।