সমকাল সুহৃদ ও সবুজ পৃথিবী’র যৌথ উদ্যোগ তিন জেলায় বৃক্ষরোপন
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’-এই শ্লোগানে পাশপাশি তিন জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গাছ লাগানোর ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে যৌথভাবে সমকাল ‘সুহৃদ সমাবেশ’ ঈশ্বরদী ইউনিট ও পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা কমিটি। গত বুধবার থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই দিন ব্যাপী সংগঠন দুটির সদস্যরা দিনভর পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন সড়ক, মহাসড়কের পাশে, গ্রামের মেঠোপথ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সামনের খোলা স্থানে বিশেষ করে যেসব স্থানের বড় গাছ মরে শুকিয়ে গেছে, কিংবা কেটে ফেলা হয়েছে সেসব শূণ্যস্থানে গাছ লাগান।
এর পাশাপাশি ফলদ ও বনজসহ বিভিন্ন ধরনের প্রায় আড়াইশ’ গাছের চারা বিতরণ করেন সুহৃদ ও সবুজ পৃথিবীর সদস্যরা। পাবনা জেলার ঈশ্বরদী, নাটোর জেলার লালপুর ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। পাবনার ঈশ্বরদী থেকে শুরু করে সড়কপথে প্রথমে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে ফলদ গাছের চারা রোপন করা হয়। সেখান থেকে পাকশী লালন শাহ সেতু হয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-যশোর মহাসড়কের দুইপাশে বিভিন্ন স্থানে বনজ গাছের চারা রোপন করেন সংগঠন দুটির সদস্যরা। এসময় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে পরিবেশ রক্ষা করতে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ আয়োজনে ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা আব্দুস সামাদ, সহসাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, সভাপতি আর. কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দূর্জয় ইসলাম লিমন মন্ডল, সুহৃদ হাসান চৌধুরী, রাকিবুল ইসলাম রূপমসহ সংগঠন দুটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে সবাই নিজ হাতে বৃক্ষরোপন করেন।
ব্যাতিক্রমী এ আয়োজনে পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলার বেশ কিছু এলাকার যেসব স্থানে অপেক্ষাকৃত গাছের সংখ্যা কম সেসব স্থানে গাছের সংখ্যা বৃদ্ধি করতে স্থানীয়দের মাঝে ফলদ ও বনজ গাছের চারা প্রদান করে বৃক্ষরোপন করার জন্য উদ্বুদ্ধ ও সচেতন করা হয়। এসময় স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও এলাকাবাসী এ আয়োজনকে সাধুবাদ জানান।