নগরীতে রক্তচাপ মাপতে গিয়ে মারধরে রিকশাচালকের মৃত্যুর অভিযোগ
নগরীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তার বাড়ি নগরীর রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ অসুস্থ ছিলেন। রক্তচাপ মাপার জন্য রাতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় তার রিকশা রাখার জন্য সেখানে একটু যানজট সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। তখন পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। আর স্থানীয়রা অসুস্থ রিকশাচালক পলাশকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পলাশের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও স্পষ্ট হবে। মারধরের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, এ ঘটনায় হত্যা মামলা করতে হামিও হলের মালিক-কর্মচারীদের বিরুদ্ধে রাত ৩টায় থানায় একটি এজাহার দিয়েছেন পরিবারের সদস্যরা।