রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন: সভাপতি শামীম, সম্পাদক সুমন
রাজশাহী সদর দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হাসান এবং সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। রাজশাহী কোর্ট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সেলিম আহম্মেদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হাসান ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহসভাপতি পদে মো. সাদিয়ার রহমান (ভুলান) ৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. সুমন রেজা পেয়েছেন ১০০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বদিউজ্জামান (সুজন) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন আক্তার (শাহান) ১৩২ ভোট, আইন বিষয়ক সম্পাদক পদে মো. আফরোজেল ইসলাম (লিপন) ৮৬ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ১১০ ভোট এবং প্রচার সম্পাদক পদে মো. ইকবালুর রহমান (খালিদ) ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. টিপু সুলতান, মো. আসিফ ইকবাল কাজল ও মো. বাবুল হোসেন। তাঁরা যথাক্রমে ৯২, ৭৬ ও ৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে সমিতির সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের অভিনন্দন জানান সমিতির সদস্যরা। নতুন নেতৃত্বের কাছে দলিল লেখকদের পেশাগত স্বার্থ ও অধিকার সংরক্ষণ, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ১৩৮ জন ভোটারের মধ্যে ১৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক পদে একজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, আইন বিষয়ক সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে একজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, প্রচার সম্পাদক পদে একজন এবং তিনটি কার্যনির্বাহী পদের জন্য সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, এই প্রথম রাজশাহী সদর দলীল লেখক সমিতির নির্বাচনে না ভোটের অপশন (ভোটারের কোনো প্রার্থীই পছন্দ না হলে না ভোটে সিল দেয়ার অপশন ) রাখা হয়েছিল।