বগুড়ায় নিষিদ্ধ প্রসাধনী বিক্রির দায়ে অর্থদণ্ড
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও বিএসটিআই এর অনুমোদন বিহীন বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী স্কিন ক্রিম বিক্রি ও বিতরণের দায়ে ‘শাহ বিপণী বিতান’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া মহানগরের নিউ মার্কেট এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার পরিদর্শক (মেট) শাহ্ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান। সহযোগিতা করেন, সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, মহানগরের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ব্র্যান্ডের—যেমন নিউ ফেস, ডিউ, নাভিয়া, চাঁদনী, পার্ল এবং গৌরী স্কিন ক্রিম মজুদ ও বিক্রি করার অপরাধে ‘শাহ বিপণী বিতান’কে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি রোধে এ ধরনের মনিটরিং ও অভিযান পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।