শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’: পাওয়ায় জিলাপি ধ্বংস

বগুড়া প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
বগুড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’: পাওয়ায় জিলাপি ধ্বংস

খাদ্যে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের অপরাধে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে ৩০ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।


জানা যায়, বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেলের নেতৃত্বে গঠিত একটি টিম ফতেহ আলী বাজারের জিলাপির দোকানগুলো থেকে নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে। পরীক্ষায় খাদ্যে ব্যবহার করা নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’-এর উপস্থিতি প্রমাণ মেলে।


পরবর্তীতে আইন অনুযায়ী অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানের উৎপাদিত প্রায় ৩০ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।


অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো  হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস, আল আমিন সুইটস জিলাপির দোকানে অভিযানের পাশাপাশি ফতেহ আলী মাছ বাজারেও মাছে ফরমালিন সনাক্তকরণ পরীক্ষা চালানো হয়। এসময় ৬টি মাছের দোকান থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলেও কোনো মাছে ফরমালিন পাওয়া যায়নি। পরবর্তীতে মাছ ব্যবসায়ীদের ফরমালিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন করা হয়।


অভিযান চলাকালীন সময়ে বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলামসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল বলেন, জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।