নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, কর্ণহার, পবা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কুঠিপাড়া গ্রামের মো. বাবর আলীর মেয়ে ও মো. কাওসার আলীর স্ত্রী বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামে বসবাসরত মোসা: রুনা বেগম (২৯) এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে রুনাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. গোলাম হোসেনের ছেলে ও রুনার স্বামী কাওসার (৩৯) কৌশলে পালিয়ে যায়। পরে রুনা বেগমের বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পবা থানা পুলিশ একইদিন রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে দক্ষিণ পিল্লাপাড়া এলাকার মো. আব্দুস সালাম ওরফে পন্ডিতের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫)-এর বাড়িতে অভিযান পরিচালনা করে শরিফুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি শরিফুলের বিরুদ্ধে পবা থানায় ১টি ও নাটোর জেলার সদর থানায় ১টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও ১২ আগস্ট রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তানোর থানার বাকশপুর গ্রাম থেকে আসা একটি অটোভ্যান থামিয়ে কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. হাসান আলী (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারী বাদুরতলা (শিশু কবরস্থানের পাশে) এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার রানীনগর (সিটি হাসপাতালের পাশে) গ্রামের দুখু মিয়ার ছেলে ববিন (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।