নগরীতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, এসকাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর গ্রামের আ. রশিদ ওরফে সালামের ছেলে মো: সোহেল রানা (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একইদিন রাত আনুমানিক ১২ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হরিপুর (আইডি হাসপাতাল দাশপুকুর) গ্রামের ভিকুর ছেলে মো. নয়ন (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি নয়ন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় পূর্বের ৪টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ১২ সেপ্টেম্বর ২০২০; ২৮ নভেম্বর ২০১৮; ১৭ মে ২০১৮; ০৫ জানুয়ারি ২০১২ এবং ০২ জানুয়ারি ২০২৩ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।