নিয়ামতপুরে গরুসহ আন্ত”জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, পিক-আপ জব্দ
নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গরুসহ গ্রেপ্তার এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় জনগণের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মান্দার পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে জজ মিয়া (৫০), অপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রানা(৩১)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় গরুর হাট ছাতড়া। সোমবার আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় দুই সদস্য একটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করে পিক-আপে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হাটের সদস্য ও স্থানীয়দের তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটকিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুসহ তাদের দুজনকে থানায় নিয়ে আসে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা মেনে প্রকৃত গরুর মালিককে গরুটি হস্তান্তর করা হবে।