বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিখোঁজ তিন ছাত্রীর বস্তা বন্দি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
নিখোঁজ তিন ছাত্রীর বস্তা বন্দি ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ তিন ছাত্রীর পরিবারকে বস্তা বন্দি ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।


বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।


নিখোঁজ ছাত্রীরা হলেন, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই ছাত্রীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।


নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডাইরি করার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে তাদের সর্বশেষ অবস্থান পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় ছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে বাসে করে তারা কক্সবাজার বা রামুতে গিয়েছেন কিনা তা অনুসন্ধান চলছে। এরই মধ্যে বুধবার দুপুরে একটি মোবাইল নাম্বার থেকে বস্তা বন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছে, এমন ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।


একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।


এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা সঙ্গে রয়েছে। ভিডিওটি যাচাই বাছাই করা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান আছে।


তথ্যসূত্র: জাগোনিউজ