বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নগরীতে ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
নগরীতে ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রির নগদ চার হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় নগরীর রানীবাজার রেশমপট্টি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কেদুড় মোড় গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. হাসান আলী ওরফে জয় (২২), শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে সানিউল সিয়াম (৩২) এবং একই এলাকার বাসিন্দা সোলাইমান সাজিদ (২৬)। সোলাইমানের বাড়ি মাগুরা সদর উপজেলার ইসলামপুর গ্রামে। পুলিশ তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ইয়াবা, নগদ চার হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন জব্দ করে।


এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় ছোটবনগ্রাম নিউ কলোনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মোসা. জমেলা (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জমেলার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।


আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।