গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে এক ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে আব্দুর রাজ্জাক (৫৬) নামের এক ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় বরের কাছ থেকেও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরগাপাড়া গ্রামের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩)-এর বিয়ে আয়োজন করা হয়। ওই বাল্যবিয়েতে বিয়ে পড়ানোর অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম আব্দুর রাজ্জাককে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে বর জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আদালতের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।