পার্বতীপুরে এ্যাফেক স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের সাবেক অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, অ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম রিপন ও সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানু।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সালে একাডেমিক কার্যক্রম শুরু করা অ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আসছে।
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১৮ জন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ মোট ৫২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এ বছর বিদ্যালয়টির এসএসসি পরীক্ষায় পাসের হার ১০০ শতাংশ।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করেন।