বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

রূপপুর প্রকল্পে আগুন: পুড়েছে কম্পিউটার, এসি, নথিপত্র, ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
রূপপুর প্রকল্পে আগুন: পুড়েছে কম্পিউটার, এসি, নথিপত্র, ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) কার্যালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে বায়েকের সার্ভার কক্ষ, কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি এখনো। বুধবার সর্বশেষ প্রকল্পে খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভার কক্ষে আগুন লাগায় প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য, নথিপত্র ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে যা নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রকল্পের দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাটি প্রকল্পের বাইরে কেউ না জানতে পারলেও মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের এ ঘটনা জানজানি হয়।



প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর বায়েকের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সূত্র মতে, বায়েকের সার্ভার কক্ষে রাত ৩টার সময় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন ও ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দকল বাহিনীর সদস্যদের ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু হাসেম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হযেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের অভ্যন্তরে অনসাইড থেকে আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই, আগুনে বায়েকের অফিসের বিভিন্ন কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


প্রকল্প সংশ্লিষ্টদের ভাষ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে সার্ভার রুমে আগুন লাগায় গুরুত্বপূর্ণ তথ্য, নথিপত্র ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি, ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।