বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

ঈশ্বরদীতে ফোন চুরির অভিযোগে ‘ভারসাম্যহীন’ তরুণের মাথার চুল কেটে নির্যাতন!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে ফোন চুরির অভিযোগে ‘ভারসাম্যহীন’ তরুণের মাথার চুল কেটে নির্যাতন!

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোন চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে আটক করে তার মাথার চুল কেটে নির্যাতন এবং সে ছবি ধারণ  ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া প্রামাণিকপাড়ায় এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর পর চুল কেটে নির্যাতনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক শাহিনুর প্রামাণিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক মানসিক ভারসম্যহীন ওই তরুণকে আটক করেন। পরে চুরির অভিযোগে বকুল প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তি ওই তরুণের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেন। পরে চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।


বকুল প্রামাণিক দাবি করে বলেন, ওই তরুণ মাদকাসক্ত এবং মাদক সেবনের জন্যই মোবাইল ফোন চুরি করেছে। তবে ওই তরুণের পরিবারের দাবি, সে মানসিকভাবে ভারসাম্যহীন। ভুক্তভোগী তরুণের বাবা সুজন সরদার বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘আমার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো না বুঝেই চুরি করতে পারে।’ একই সঙ্গে ছেলের মাথার চুল কেটে দেওয়ার ঘটনাকে তিনি অমানবিক বলে মন্তব্য করেন।


এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ফেসবুকে ওই ভিডিও পুলিশের নজরেও এসেছে- তবে এ নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।