বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুঠিয়ায় ব্যাটারিচালিত অটোর দাপট, আবাসিক মিটারে বাণিজ্যিক চার্জিংয়ের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
পুঠিয়ায় ব্যাটারিচালিত অটোর দাপট, আবাসিক মিটারে বাণিজ্যিক চার্জিংয়ের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটো ও অটোরিকশার সংখ্যা। উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে এসব যানবাহনের অবাধ চলাচলে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে বাড়ছে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে ব্যাটারিচালিত অটো ও অটোরিকশা চার্জ দেওয়ার, শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে এ সকল তথ্য পাওয়া যায়।


স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, দোকান ও গ্যারেজে নিয়মিতভাবে একসঙ্গে একাধিক অটো ও অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব স্থানে বাণিজ্যিক মিটার না নিয়ে আবাসিক সংযোগ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে বিদ্যুতের প্রকৃত ব্যবহার ও বিলের হিসাবেও অসঙ্গতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।


এ ছাড়া কোথাও কোথাও অনুমোদনহীনভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ সংযোগ, মিটার ব্যবহারের অনিয়ম এবং আবাসিক মিটারে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়টি খতিয়ে দেখলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। পুঠিয়া উপজেলার বানেশ্বর, পুঠিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক  ব্যাটারিচালিত অটো, ভ্যান ও অটোরিকশা চলাচল করতে দেখা যায়। এসব যানবাহনের বড় অংশ রাতের বেলায় চার্জ দেওয়া হয়। কোথায় কতটি চার্জিং পয়েন্ট রয়েছে এবং সেগুলোর কতগুলো বৈধ বাণিজ্যিক সংযোগে পরিচালিত হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


অন্যদিকে, বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং নিয়েও ক্ষোভ রয়েছে পুঠিয়ার মানুষের মধ্যে। বিশেষ করে গরমের সময় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়ভাবে পুঠিয়ার বিভিন্ন এলাকায় লোডশেডিং এর অভিযোগও রয়েছে।


স্থানীয় সচেতন মহলের দাবি, পুঠিয়া উপজেলায় মোট কতটি ব্যাটারিচালিত অটো ও অটোরিকশা চলাচল করে, কতটি বৈধভাবে নিবন্ধিত, কোথায় কোথায় চার্জ দেওয়া হয় এবং এসব চার্জিং পয়েন্টে কী ধরনের বিদ্যুৎ  সংযোগ রয়েছে তা নিয়ে একটি পূর্ণাঙ্গ জরিপ প্রয়োজন। একই সঙ্গে আবাসিক মিটারে বাণিজ্যিকভাবে অটো চার্জ দেওয়া হচ্ছে কি না এবং কোথাও অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ পুঠিয়া জোনের ডিজিএম আহসানুল করিম বলেন, পুঠিয়া উপজেলায় লোডশেডিং এর কারণে বিদ্যুৎ  যাচ্ছে। পুঠিয়ায় যে পরিমান বিদ্যুৎ এর চাহিদা তার চেয়ে কম পরিমাণ পাওয়ার কারণে এই লোডশেডিং হচ্ছে। আর আবাসিক মিটারে অবৈধ ভাবে অটোরিকশা চার্জের বিষয়টি আমরা জানি। যে গুলোর বিষয়ে আমরা অভিযোগ পাই সেগুলোতে অভিযান চালিয়ে বন্ধ করে দেই।


পবা হাইওয়ে থানার ওসি মাহবুব রহমান বলেন, হাইওয়ে রাস্তায় কত গুলো অটো চলে তা আমার জানা নেই। তবে যে পরিমান অটোরিকশা চলে তার কারণে রাস্তায় বাস ট্রাক চলে চলে অসুবিধা হয়। বর্তমানে অটোরিকশার উপর আমাদের কোন অভিযান নেই। আমরা চালকদের হাইওয়ে রাস্তায় চলাচলে সর্তকতা করছি যেন হাইওয়া রাস্তায় তারা কোন ধরণের যানজোট সৃষ্টি না করে।