দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখা ও বেশি দামে সার বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা
রাজশাহীর দুর্গাপুরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক মজুত রাখা এবং গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
অভিযানে মেসার্স এম এস এন্টারপ্রাইজ নামের বালাইনাশক ডিলারের দোকানে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহিন আলমের ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাঁর প্রতিষ্ঠানের বালাইনাশক ডিলার লাইসেন্স নম্বর ২২৭।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। মেয়াদোত্তীর্ণ বালাইনাশক মজুত, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।