বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পোরশায় বিষাক্ত কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

পোরশা প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
পোরশায় বিষাক্ত কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষকের সাড়ে ৫ বিঘা জমির আমন ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউপির শ্রীকৃষ্নপুর গ্রামের মৃত সাবুরুদ্দীনের ছেলে কৃষক গাজিউর রহমানের শ্রীকৃষ্নপুর মৌজার হাত্তিপিঠা নামক জমিতে ঘটনাটি ঘটায় দৃর্বৃত্তরা। 


জমির মালিক কৃষক গাজিউর রহমান জানান, শ্রীকৃষ্নপুর মৌজার সরকারি খাস খতিয়ানের ১৭০৬ দাগে ১একর ৪৮ শতক ও ১৭০৭ দাগে ৩১ শতক মোট ১ একর ৭৯ শতক বা সাড়ে ৫ বিঘা জমি সরকারিভাবে ১৯৮৯ সালে তিনি ও তার স্ত্রী তাসকেরা বেগমের নামে ৯৯ বছরের জন্য পত্তন নিয়েছেন। পত্তন নেওয়ার পর থেকে তারা ওই জমিতে প্রতি বছর চাষাবাদ করে আসছেন।


কৃষক গাজিউর রহমান জানান, প্রতিবারের ন্যায় চলতি বছরেও তারা ওই জমিতে দুই মাস আগে আমন ধানের চারা রোপন করেছিলেন। এবছর ধান বেশ ভাল হয়েছিল। হঠাৎ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ধান পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান।


এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এখনো কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।