সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হুমকি-নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা-সংরক্ষণ কমিটির সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ খান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম তোতা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় সদস্য সাগর নোমানী এবং মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রির রাজশাহী ব্যুরো প্রধান শাহীন সাগরসহ অন্যরা।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংবাদ প্রকাশের জেরে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
তারা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে সাংবাদিক হত্যাকাণ্ড, গুম, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধন থেকে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবিও জানানো হয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের পাশে থাকার কথাও জানান তিনি।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। গত ২০ বছরে যেসব সাংবাদিক হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।
মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর মডেল প্রেসক্লাব, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত, হামলা-হুমকি ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিক হত্যার সব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।