বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রামেক হাসপাতালে এক সপ্তাহে চার ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে এক সপ্তাহে চার ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এক সপ্তাহে হাসপাতালে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন।



সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের বাসিন্দা।


রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী ছিলেন ৬৯ জন। ১০ ও ১১ সেপ্টেম্বর ৬৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এরপর ১২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। ১৩ সেপ্টেম্বর তা আরও বেড়ে ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে।


দৈনিক হিসাব অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন, এবং ১৫ সেপ্টেম্বর ১৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ৭ দিনে নতুন ভর্তি হয়েছেন ১২৫ জন।


এদিকে, এক সপ্তাহে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে মারা যান পাবনার বেড়া এলাকার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় (২৬)। ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে মারা যান নাটোরের বনপাড়ার বাসিন্দা জিত সরকার (২২)। ১৪ সেপ্টেম্বর  ভোর ৪টা ১০ মিনিটে মারা যান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাসিন্দা হৃদয় (২৪)। সবশেষে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় মারা যান  চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা আসমা খাতুন (৩৫)।


এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছে ১৭ জন। ৩ জন ছাড়পত্র পেলেও বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ৯৫ জন রোগী।