বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে বিভিন্ন কেপিআই এলাকা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিভিন্ন কেপিআই এলাকা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত (কেপিআইভুক্ত) ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার মুলাডুলি সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও ঈশ্বরদী এলএসডি (লোকাল খাদ্য গুদাম) সহ ঈশ্বরদী উপজেলার কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।


পরিদর্শনকালে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন আল-আমিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক এবিএম লুৎফুল করীম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদসহ পুলিশ ও খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা ও অবকাঠামোগত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।