বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ জন গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঘার কলিগ্রাম গ্রামের মৃত আকশেদ মন্ডলের ছেলে মো. রেজাউল করিম (৪২), ঈশ্বরদী উপজেলার নুরমহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. মোশরাফ (৫৫) এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে মো. আজিজুল হক (৩৮)।


এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়, কলিগ্রাম গ্রামের রেজাউল করিমের টিনশেড আধাপাকা বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়ির পাশের শয়নকক্ষে একটি চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তার তৈরি বাজারের ব্যাগে বিশেষ কায়দায় রাখা আরও ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে ১২৫ বোতল ফেয়ারডিলের পাশাপাশি দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।