চারঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিমপাড়া ইউনিয়নের খালেদা জিয়া স্মৃতি যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ জন্য সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
বক্তারা ডেঙ্গুমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা এবং গণঅংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।