পত্নীতলায় তিনদিন নিখোঁজের ব্যক্তির মরদেহ উদ্ধার
তিন দিন ধরে নিখোঁজ থাকা বাবুল আখতার (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর সড়কের পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর (পূর্বপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার দুপুরে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় স্থানীয় আমির আলীর ছেলে সামসুল এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও থানা ওসি যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।