পুঠিয়ায় ক্লিনিকে সাঁড়াশি অভিযান, দুইটিকে জরিমানা, একটি ক্লিনিক বন্ধ ঘোষণা
রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ক্লিনিক ও নিবন্ধনবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুটি ক্লিনিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম এবং পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানকালে ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম ও নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ফাতেমা ক্লিনিককে ২০ হাজার টাকা এবং নিরাময় ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রিজিয়া ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, অবৈধ ক্লিনিকের মালিক ও নিবন্ধনবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
প্রশাসনের এ অভিযানের ফলে অবৈধ ও অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।