বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আরসিসিআই’র মতবিনিময় সিল্ক, পাট, আম, খাদ্যশস্য ও মিঠা পানির মাছ রফতানির সম্ভাবনা নিয়ে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আরসিসিআই’র মতবিনিময়  সিল্ক, পাট, আম, খাদ্যশস্য ও মিঠা পানির মাছ রফতানির সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) পরিদর্শন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় রাজশাহী ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক, রফতানি সম্ভাবনা এবং বিনিয়োগ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী চেম্বারের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরসিসিআই সভাপতি মো. হাসেন আলী।


সভায় রাজশাহীর পাট ও পাটজাত পণ্য, সিল্ক (রেশম), আম, খাদ্যশস্য এবং মিঠা পানির মাছ যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনা, বিজনেস ও স্টুডেন্ট ভিসা, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রাজশাহী চেম্বারের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ। তিনি জানান, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের চামড়া, মসলা ও ঐতিহ্যবাহী পিঠার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যের উন্নয়ন এবং যুক্তরাজ্যের বাজারে সেগুলোর সম্প্রসারণে ব্রিটিশ হাইকমিশন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক ও পাটজাত পণ্যকে আরও বহুমুখী ও আন্তর্জাতিক বাজার উপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গার্মেন্টস খাতের বাইরে কৃষি ও কৃষিভিত্তিক পণ্য রফতানিতেও যুক্তরাজ্য সহযোগিতা বাড়াতে আগ্রহী বলে জানান।


সভাপতির বক্তব্যে আরসিসিআই সভাপতি মো. হাসেন আলী রাজশাহীকে দেশের ঐতিহ্যবাহী ‘শিক্ষা নগরী’ হিসেবে তুলে ধরে শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য বিজনেস ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে আরসিসিআই’র পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনার ও তাঁর প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ রেজাউল করিম, শাহ মোঃ মইনুল হোসেন চৌধুরী, মোঃ হাসিবুল আলম, মোঃ ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান, মোঃ শামসুজ্জামান, মোঃ রুহুল আমীন, মোঃ গোলাম সাকলাইন, মোঃ মোবাশ্বের আলী, মোঃ আমিনুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম হেলাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক এস, এম আইয়ুব, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য তৌফিক হাসান, রোমেন্তু চাকমা, চেয়ারম্যান, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম।