বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ পাথরের নিচে ট্রাকের যন্ত্রাংশ, উদ্ধার ১৩৫ ভারতীয় মোবাইল ফোন

শিবগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ  পাথরের নিচে ট্রাকের যন্ত্রাংশ, উদ্ধার ১৩৫ ভারতীয় মোবাইল ফোন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় তিন কোটি সাত লাখ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় মালিকবিহীন ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের সিজার মূল্য দুই কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।


অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় খড়কপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।


দুই অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য প্রায় তিন কোটি সাত লাখ টাকা।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।