আত্মহত্যা রোধের নীতিমালা প্রণয়নে নাটোরে দলগত আলোচনা সভা অনুষ্ঠিত
আর্থ-সামাজিক এবং মানসিক অবস্থার অনুসন্ধানের মাধ্যমে আত্মহত্যা রোধের নীতিমালা প্রণয়নে জেলায় দলগত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের গবেষণাধর্মী এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এ আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জীবন অনেক সুন্দর। জীবনকে শুধু যাপন করলে হবে না, জীবনকে উদযাপন করতে হবে। জীবন যে সুন্দর-এই বোধ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আবেগ তাড়িত এবং বিপর্যস্ত মানুষকে হতাশা থেকে বের করে আনতে তার মাঝে আশার আলো জ্বেলে দিতে হবে। এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গবেষণা আলোচনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং মন্ত্রিপরিষদ বিভাগের গবেষক মো. রনি মৃধা।
সূচনা বক্তব্যে রনি মৃধা বলেন, প্রধানমন্ত্রী কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরে গুরুত্ব আরোপ করেছেন। আত্নহত্যার কারণ এবং উত্তরণের উপায় খুঁেজ বের করতে দেশব্যাপী মন্ত্রিপরিষদ বিভাগের গবেষণা সেল কাজ করছে।
গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করা হবে এবং সরকার তা বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।