দুর্গাপুরে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী। এ সময় তাঁর হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫, সিপিএসসির একটি আভিযানিক দল কুহাড় গ্রামের মো. বেলাল হোসেনের টিনশেড বসতবাড়ির পশ্চিম পাশের শয়নকক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার নাম মো. বেলাল হোসেন।
অভিযানে আব্দুল্লাহর হেফাজত থেকে ৩৪০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ও ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আব্দুল্লাহকে দুর্গাপুর থানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#