বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন
রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন। সভাপতিত্ব করেন ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজশাহী ব্যুরো চিফ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল।


দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদমাধ্যম মানুষের আস্থা অর্জন করে। ডেইলি টাইমস অব বাংলাদেশ আগামী দিনে তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে আরও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমের কর্মপদ্ধতিতেও পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।


তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাই, নির্ভরযোগ্য সূত্র এবং সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করা যাবে না। তাঁরা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরে ভারসাম্য বজায় রাখতে হবে। ভুল তথ্য ও গুজবের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজশাহী ব্যুরো চিফ মুহা. আব্দুল আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।