বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর চরে সব্জি ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে রকিবুল সরদার (২৯) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রকিবুল উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের মৃত মোয়াজ্জেম হোসেন সরদারের ছেলে। নিহত রকিবুলের ভাই কামরুজ্জামান কামরুল জানান, তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন। 


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা নদীর চরের জমিতে অন্যান্য কৃষি শ্রমিকদের সঙ্গে সব্জি আবাদের জমি নিড়ানো ও পরিচর্যা করতে যান তিনি। এসময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল জানান, নিহত ব্যক্তির শরীর পরীক্ষা করে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।