বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা সংবাদদাতা: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা সংবাদদাতা: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৪ অপরাহ্ন
নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে জেলাজুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় শহরের মাদকের আখড়া নামে পরিচিত নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিনজন এবং মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আরও ছয়জনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।



পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁ ডিবির ইনচার্জ ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ ওই এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 


পুলিশ সুপার জানান, সুইপার কলোনির ২নম্বর গেটের সামনে অভিযান চালানোর সময় মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০টি-মোট ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মুনির বাড়ি সুইপার কলোনিতে। মানিকের বাড়ি নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ায় এবং শাওনের বাড়ি খাস নওগাঁ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।


এ ছাড়া একই অভিযানে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।