পোরশায় ইউনিয়ন বিএনপির সম্পাদক নুরুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ
নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, আর্থিক দুর্নীতি, দলীয় পদ-পদবির অপব্যবহার ও নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নুরুল ইসলামকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে উপজেলা বিএনপি ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মর্শিদপুর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, আর্থিক দুর্নীতি, দলীয় পদ-পদবির অপব্যবহার এবং নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করে যাচ্ছন । এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে । অভিযোগে আরও বলা হয়েছে, নুরুল ইসলাম দলীয় প্রভাব ও পদমর্যাদা ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। এতে তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
অভিযোগকারী মর্শিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, নুরুল ইসলামের নামে বহুবিধ অভিযোগ, তার কথা বলতে গেলে আমারও ইজ্জতে লাগে, বিএনপি অন্যায় কারিকে কখনো প্রশ্রয় দেয় না। সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন জনের কাছে চাঁদা তুলেছেন তিনি। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল হক বলেন, নুরুল ইসলাম স্থানীয় শিশা বাজারে দোকান বরাদ্দের নামে চাঁদাবাজি, কাতকইল দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত সুপার পুনর্বহালের নামে টাকা আদায় এমনকি হতদরিদ্রদের কাছ থেকে ৩০ কেজির বরাদ্দকৃত চাউল দেওয়ার নামে বিভিন্ন জনের কাছে টাকা আদায় করাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। ।
এ ব্যাপারে মশিদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলামের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার নামে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখিত অপরাধ গুলি যদি আমি করি যে কোন শাস্তি মাথা পেতে নিব এবং স্বইচ্ছায় দল থেকে বেরিয়ে যাব।