রাজশাহীতে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার
উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য রাজশাহীতে ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ আয়োজন করেছে নেক্সট লিডার্স। শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলের কনফারেনন্স রুমে এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার, পরিচালক এবং মার্কেটিং ও ব্যবসা উন্নয়ন খাতের পেশাজীবী অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার নানা সমস্যা, ব্যবসা সম্প্রসারণ, বিক্রয় ও বিপণন, ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক যোগাযোগ নিয়ে আলোচনা হয়। বাজার গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, নিজেদের ব্যবসার অভিজ্ঞতা ও সমস্যাগুলো নিয়ে সরাসরি কথা বলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন পরিচিতি তৈরি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজের বিষয় নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই।