বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বড়াইগ্রামে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ গ্রেপ্তার ৪

বড়াইগ্রাম প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
বড়াইগ্রামে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ গ্রেপ্তার ৪

নাটোরের বড়াইগ্রামে মাছ ব্যবসায়ীর কাছে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো চৌমহান এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল (৩৭),  জিয়াউদ্দিনের ছেলে সাগর আহমেদ ওরফে সোহান (২৮) ও সোহাগ আহমেদ (৩৪) এবং দেলোয়ার হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩৯)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জোনাইল বাজার এলাকায় মাছ বোঝাই একটি গাড়ি আটকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী বড়াইগ্রাম থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তদন্তে নামে। পরে শুক্রবারে অভিযান চালিয়ে ঐ চারজনকে গ্রেপ্তার করে।


এদিকে গ্রেপ্তার হওয়া সাগর আহমেদ স্থানীয়ভাবে কথিত ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার, প্রলোভনের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া এবং মাদকসংক্রান্ত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এবং বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।