বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পুকুরে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু

নাটোর ও পাবনা প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর ও পাবনা প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
পুকুরে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরে ডুবে ভাইবোন ও পাবনার চাটমোহরে দুই শিশুর মৃত্যু হয়েছে।  


নাটোরের লালপুরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, আতিয়া (৯) ও আবু বক্কর (৬)। তারা একই গ্রামের আতিকুল ইসলামের সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বাড়ির পাশেই খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে নেমে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো সাড়া না পেয়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে পরিবার সদস্যরা জানান ।


প্রতিবেশীরা জানান, দুই ভাই-বোন এক সাথে খেলাধুলা করত এবং খুবই চঞ্চল স্বভাবের ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে। 


নিহতদের বাবা আতিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার দুইটা সন্তান একসাথে হারাইলাম। ওরা খেলতে গেছিল, আমরা বুঝতেই পারি নাই কখন পুকুরে নামছে। আমি এখন কিভাবে বাঁচবো! 


পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। 


মৃত দুই শিশু হলো- ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। একইসঙ্গে শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের জনৈক এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়।


দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নিখোঁজের ঘন্টা দুয়েক পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।