বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পোরশায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন আটক

পোরশা প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
পোরশায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন আটক

নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন, পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং একই উপজেলার সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পোরশা-মহাদেবপুর সড়কের শিশা বড় সেতু এলাকায় সড়কের ওপর দড়ি ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।


অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র, ২৫ ফুট লম্বা দড়ি, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে।