বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে জরিমানা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে গুণগত মানসনদ না নিয়ে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মায়ের দোয়া বেকারিকে এ জরিমানা করা হয়।


বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ডেকোরেটেড কেক’ বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করে আসছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।


রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।