রাজশাহীতে হারানো ৫৬ মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
রাজশাহীর বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর উদ্ধার হওয়া ৫৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫৬ ব্যক্তি সাধারণ ডায়েরি করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ১১টি, স্যামসাং ১০টি, শাওমি ৭টি, রিয়েলমি ৮টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ১টি, টেকনো ৩টি, অপো ২টি, ওয়ালটন ৪টি, নকিয়া ২টি, জিডিএল ১টি, পোকো ২টি এবং সিম্ফোনি ২টি।
পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, “প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে বলে আশা করছি।”
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে একইভাবে সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।